ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের দাখিল করা ব্যাখ্যায় সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হুসাইন।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী জানান, এ বিষয়ে বৈঠকের পর সরকার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের জবাবে প্রয়োজনীয় তথ্যের চেয়ে অপ্রাসঙ্গিক বক্তব্যই বেশি ছিল।
তিনি বলেন, ‘আদ-দ্বীনে হাসপাতাল তাদের জবাব দাখিল করেছে, আমি তা পড়েছি। তারা প্রয়োজনীয় তথ্যের বাইরে গিয়ে অনেক গল্প ও বিবরণ লিখেছে। আমাদের কাছে এটি গ্রহণযোগ্য নয়।’
মন্ত্রী আরও জানান, হাসপাতালটি চার থেকে পাঁচ পৃষ্ঠার ব্যাখ্যা জমা দিয়েছে। এটি অস্পষ্ট জবাব। হাসপাতাল কর্তৃপক্ষ কাঙ্ক্ষিত তথ্য দিতে ব্যর্থ হয়েছে।
মন্ত্রী বলেন ‘তারা প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরিবর্তে অনেক অপ্রয়োজনীয় কথা লিখেছে। আদ-দ্বীন হাসপাতালের দাখিল করা জবাবে আমি সন্তুষ্ট নই।’
সাখাওয়াত হুসাইন জানান, সরকার বিষয়টি পর্যালোচনা করবে, আলোচনার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। বৈঠকের পরই সরকারের অবস্থান ঘোষণা করা হবে।
গত ২৭ মে ভোররাতে আদ-দ্বীন হাসপাতালের অস্ত্রোপচার পরবর্তী ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। এই ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) তিন সদস্যের উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে হাসপাতাল ব্যবস্থাপনায় একাধিক ত্রুটি, পরিবেশগত সমস্যা ও ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসক-নার্সদের অবহেলা চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওয়ার্ডটি নবজাতক বা অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের জন্য উপযুক্ত ছিল না। সেখানে পর্যাপ্ত আলো ও বায়ুচলাচলের অভাব ছিল। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাটি ছিল অপর্যাপ্ত, কাজ করত অনিয়মিতভাবে।
তদন্তে আরও দেখা গেছে, ঘটনার সময় ওয়ার্ডে কোনো ডাক্তার উপস্থিত ছিলেন না। নবজাতকদের অবস্থার অবনতি হলেও তারা সময়মতো চিকিৎসা পায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, নবজাতকরা জন্মের পর সুস্থ ছিল। প্রসব-পরবর্তী জটিলতা না থাকায় তাদের বিশেষ চিকিৎসা বা ইনকিউবেটরের প্রয়োজন হয়নি। তবে তাদের অবস্থার হঠাৎ অবনতি হলে যথাযথ চিকিৎসা ও জরুরি সেবা প্রদানে ঘাটতি ছিল। কমিটি হাসপাতালের কাঠামোগত সীমাবদ্ধতা, অপর্যাপ্ত তত্ত্বাবধান ও প্রশাসনিক ব্যর্থতার কথাও উল্লেখ করেছে।
গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক আবু হোসেন মো. মইনুল আহসান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা নোটিশের জবাবেই আদ-দিন মেডিকেল কলেজ হাসপাতাল এই ব্যাখ্যা দাখিল করেছিল।


