নদী উদ্ধারে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নদী উদ্ধারে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী
নদী এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নদী ও খাল উদ্ধারে কোনো ধরনের দলীয় পরিচয় বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী ও পরিবেশবাদী সংগঠন নোঙর বাংলাদেশের আয়োজনে মহানন্দা নদী এলাকায় ‘নোঙর রিভার ক্যাম্প’-এর কার্যক্রম উদ্বোধন ও নদী এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নদী ও খাল উদ্ধারে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হবে না। নদী উদ্ধারে দলীয় পরিচয়ও বিবেচনায় নেওয়া হবে না।’

দেশের যেসব নদী, খাল ও জলাশয় খনন ও পুনরুদ্ধার করা হয়েছে, সেগুলো যাতে পুনরায় দখল হয়ে না যায়, সে বিষয়ে সরকার কঠোর থাকবে। নদী রক্ষায় দল-মত নির্বিশেষে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যোগ করেন তিনি।

আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি এবং মিয়ানমারের তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীতে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

ফারাক্কা চুক্তির বিষয়ে তিনি বলেন, ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন করে চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কারিগরি কমিটি কাজ করছে।

এর আগে প্রতিমন্ত্রী মহানন্দা নদীর সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন। পরে নোঙর রিভার ক্যাম্পের পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এরপর তেঁতুলিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি।

নোঙর বাংলাদেশের আয়োজকেরা জানান, নদী ও পরিবেশ রক্ষায় তাদের এ কার্যক্রম পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় পরিচালিত হয়ে টেকনাফে শেষ হবে।

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান ও সালাউদ্দীন প্রধান, নাসির খান মিন্টুসহ জেলা-উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাকায় ক্রমাগত দখলে হারাচ্ছে নদীতীরের সরকারি জমি

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad