নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট তাকে পাঁচটি মামলায় জামিন দেন। এর বিরুদ্ধে আপিলের পর আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়ে যায়।
এরপর গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতেও জামিন দেয় আদালত। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পর সেগুলোও স্থগিত হয়ে যায়। সবশেষে ১০ মামলায় দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন করা দুটি হত্যার মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে সংশ্লিষ্ট থানা পুলিশ আবেদন করে। একটি মামলায় ২ মার্চ ও অপর মামলায় ১২ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওই গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়ার বৈধতা নিয়ে রিটটি করা হয়।
শুনানির পর ২৬ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।
এছাড়া সুনির্দিষ্ট মামলা ছাড়া আইভীকে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দেয় আদালত। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করল রাষ্ট্রপক্ষ।


