নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শুক্রবার রাতে যশোর ও ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে এ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন, নড়াইলের উত্তর খলিশাখালী গ্রামের প্রসেনজিৎ (২৫) এবং অপূর্ব (২৪)।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৫ জুন রাতে মামলার আসামিরা আনোয়ারকে চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেধে নির্মমভাবে মারধর করেন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই সকালে তিনি মারা যান। এ ঘটনায় আনোয়ারের ভাই গোলাম নবী হোসেন বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি দল শুক্রবার সন্ধ্যায় ঝিকরগাছার মিশ্রী দেয়াড়া এলাকায় অভিযান চালিয়ে অপূর্বকে গ্রেপ্তার করে। একই দিন রাত ১০টার দিকে র্যাবের ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল ফরিদপুরের বোয়ালমারী থানার জয়পাশা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি প্রসেনজিৎকে গ্রেপ্তার করে।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।


