নকল ফেসবুক পেজ নিয়ে সতর্ক করলেন শাবনূর

নকল ফেসবুক পেজ নিয়ে সতর্ক করলেন শাবনূর
শাবনূর
Advertisement
Advertisement

নব্বই দশকের বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর বেশ কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছেন। তিনি ফেসবুক ও ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করেন। তবে ফেসবুক নিয়ে বিড়ম্বনায় পড়েছেন এ জনপ্রিয় নায়িকা। তার নামের নকল পেজ ভেরিফায়েড হয়েছে, যা থেকে ঘটছে নানা ধরনের  প্রতারণা। এ নিয়ে সতর্ক করেছেন শাবনূর।

তিনি বলেন, ‘যারা আমার নামে পেজ ভেরিফায়েড করেছে, তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এই প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে। হয়তো এরই মধ্যে করেছেও, যা আমরা কেউ জানি না। এমনকি যারা এই কাজটি করেছে, তাদের কাছে হয়তো বা আমার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য আছে। নইলে তো ভেরিফায়েড করতে পারতো না। সবাই এটি সম্পর্কে আমাকে জানানোর পর বিষয়টি নিয়ে আমি চিন্তিত।’

শাবনূর আরও বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করতাম না। তখন আমার নামে অনেক ফেসবুক আইডি বানিয়েছিল, তা নিয়ে কিছু বলিনি। পরে আমি নিজে ফেসবুক ব্যবহারের পর সবাই জানতে পেরেছেন কে আসল কে নকল। এরপর অনেকে আমাকে বলেছিল, আমি যেন ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করে রাখি, তাহলে সবাই নিশ্চিত হতে পারবেন কে আসল শাবনূর, কে নকল। কারণ, ফেসবুকে আমার নামে শত শত আইডি ও পেজ। এতে প্রতারক চক্ররা খুব একটা সুবিধা করতে পারবে না। কিন্তু আমি নিজে ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করার বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দিইনি। এখন মনে হচ্ছে ভেরিফায়েড করে নিলেই ভালো হতো।’

শাবনূর জানান, তিনি এরই মধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) শেষে এটি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছেও অবহিত করবেন।

আরও পড়ুন

এই চিত্রনায়িকা আরও বললেন, ‘আমি নিশ্চিত হয়েছি, বাংলাদেশ থেকে কেউ এই পেজ চালায়। এর পেছনে একাধিক মানুষ জড়িত আছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে, এ ধরনের প্রতারক চক্রের পরিচয় যেন তারা সামনে আনেন।’

আসল শাবনূর যে পেজটিকে নকল দাবি করছেন সেটিতে মোট ফলোয়ার ৬ লাখ ৫৯ হাজারের বেশি। শাবনূর অবশ্য এ ঘটনার পরে শনিবার তার ফেসবুক আইডি ভেরিফায়েড করে নিয়েছেন।

জানা গেছে, দেশের আরেক জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির ভেরিফায়েড পেজটিও দীর্ঘসময় রয়েছে অন্যের দখলে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad