বলিউড বক্স অফিসে এখন একচ্ছত্র আধিপত্য ‘ধুরন্ধর ২’-এর। আদিত্য ধর পরিচালিত এই স্পাই-থ্রিলার মুক্তির দ্বিতীয় দিনেই অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। প্রথম দিনের রেকর্ড গড়া ওপেনিংয়ের পর দ্বিতীয় দিনেও ছবিটির দাপট কমেনি একটুও।
ট্রেড বিশ্লেষকদের মতে, মাত্র দুই দিনেই ভারতের বক্স অফিসে ছবিটির নেট কালেকশন ২৪০ কোটির ঘর পেরিয়েছে। প্রথম দিন (পেইড প্রিভিউসহ) আয় প্রায় ১৪৫ কোটি টাকা। দ্বিতীয় দিনেও সংগ্রহ দাঁড়ায় প্রায় ৯৭ কোটি। এই দুর্দান্ত পারফরম্যান্সে ৪৮ ঘণ্টার মধ্যেই ছবিটি টপকে গেছে ‘ওয়ার ২’-এর লাইফটাইম কালেকশন (২৩৬ কোটি), যেখানে অভিনয় করেছিলেন হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআর।
শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও ‘ধুরন্ধর ২’ সমান তালে দাপট দেখাচ্ছে। গ্লোবাল বক্স অফিসে এর গ্রস আয় ইতোমধ্যে ৩৩০ কোটির বেশি। ফলে ‘জাওয়ান’ ও ‘পুষ্পা ২: দ্য রুল’-এর মতো মেগা ব্লকবাস্টারের দুই দিনের রেকর্ডও এখন চাপে।
এই বিপুল সাফল্যের পেছনে কয়েকটি বিষয় স্পষ্ট—প্রথমত, রণবীর সিং-এর ক্যারিশমা। জাসকিরাত সিং রঙ্গী চরিত্রে তার উপস্থিতি ও স্টাইল দর্শকদের ভীষণভাবে টেনেছে। দ্বিতীয়ত, দেশভক্তি আর আন্ডারওয়ার্ল্ড ঘিরে টানটান গল্প—যা দর্শকদের মধ্যে আলাদা এক আবেগ তৈরি করছে। তৃতীয়ত, সামনে সপ্তাহান্ত ও ঈদের ছুটি—যা আয় আরও বাড়ানোর বড় সুযোগ তৈরি করেছে। ট্রেড মহলের ধারণা, প্রথম সপ্তাহান্তেই ছবিটি ৫০০ কোটির মাইলফলক ছুঁতে পারে।
‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মূলত ২০২৫ সালের ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল। গল্পের কেন্দ্রে জাসকিরাত সিং রঙ্গী (রণবীর), যিনি করাচির অপরাধ জগতে ‘হামজা আলী মাজারি’ সেজে অনুপ্রবেশ করেন। লক্ষ্য—ভারতের বিরুদ্ধে হওয়া জঙ্গি হামলার প্রতিশোধ নেওয়া এবং পাকিস্তানের আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্ক ভেঙে দেওয়া।
রণবীর সিংয়ের পাশাপাশি ছবিতে আছেন আর. মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং অক্ষয় খান্না—যা ছবির অভিনয়ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।
প্রায় চার ঘণ্টার এই দীর্ঘ ছবিটি টানটান উত্তেজনা, তীব্র অ্যাকশন আর ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের মিশেলে দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছে। বিশেষ করে করাচির লিয়ারি অঞ্চলের গ্যাং ওয়ারের উপস্থাপন ছবিটিকে দিয়েছে আলাদা মাত্রা।


