ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর সিটি পল্লী এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের মাদক ব্যবসার আস্তানা উচ্ছেদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই উচ্ছেদে ডিএমপির ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানা পুলিশকে সার্বিক সহযোগিতা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
থানা সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানাধীন ধলপুর সিটি পল্লী ও তৎসংলগ্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ও গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আশপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থী ও কিশোর-তরুণরা মাদকাসক্তির মারাত্মক ঝুঁকিতে ছিল। আগেও এ এলাকা থেকে একাধিক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলেও তারা জামিনে মুক্ত হয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। ফলে মাদকের স্থায়ী ঘাঁটি ও অনুকূল পরিবেশ ধ্বংস করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
১ নভেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অভিযানকালে পুলিশ ও সিটি কর্পোরেশন যৌথভাবে মাদক কারবারিদের অবৈধ স্থাপনা ও আস্তানা উচ্ছেদ করে। অভিযান শেষে ওই এলাকায় নিয়মিত পুলিশি টহল, সাদা পোশাকে নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ধলপুর সিটি পল্লী এলাকায় ২০২৫ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত নিয়মিত ৩৫টি মাদক মামলা ও ৩টি পুলিশ আক্রমণের মামলা করা হয়। এছাড়া ৩০৫টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২৭৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।


