রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে র্যাম্প ভেঙে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার হয়েছে।
শুক্রবার বেলা ১২টার দিকে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ হামজার সহায়তায় এসবি পরিবহনের বাসটি উদ্ধার করা হয়।
এর আগে সকাল ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৯ টার দিকে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটে, ফেরি কবরী কনভেনশন পকেট দিয়ে ঢুকে ফেরির বিপরীত দিকে র্যাম্প ভেঙ্গে নদীতে পড়ে যায়।
বিআইডব্লিউটিএ’র উপ মহাব্যবস্থাপক আবদুস সালাম জানান, ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসের ড্রাইভার এবং হেল্পারকেও জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
নৌপরিবহন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাটে দুর্ঘটনায় সব যাত্রীর প্রাণরক্ষা হয়েছে।
এতে বলা হয়, নির্দেশনা অনুযায়ী ফেরিতে বাস ও অন্য যানবাহন ওঠানোর আগেই যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা বিধান অনুসরণ করায় দৌলতদিয়া ফেরিঘাটে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।


