রাজবাড়ীতে একটি দোকানে পরিকল্পিতভাবে কাঠের লাঠি ও ইটপাটকেল মজুদ রাখায় এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. হিলাল উদ্দিন (৩৮) নামক ওই যুবককে ১০ দিনের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার নারুয়া বাজারে ভাই-ভাই সেনিটারিজের দোকানে সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডিত হিলাল উদ্দিন নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের বাসিন্দা।
সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, ‘ভোট গ্রহণের আগে ও পরে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে ওই দোকানে ৫৪ টি কাঠের লাঠি ও ৫ ব্যাগ ইটপাটকেল মজুদ রাখা হয়েছিল। সেখানে বিএনপির এমপি প্রার্থীর একাধিক ফেস্টুন ব্যানার দেখা যায়।’
তিনি আরও বলেন, ‘কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি স্বীকার করেছেন কাঠের লাঠি ও ইটপাটকেল মারামারি করার উদ্দেশে রাখা হয়েছিল। তবে সেগুলো তার বড় ভাই মো. বিল্লাল উদ্দিন রেখেছেন বলে জানিয়েছেন তিনি। তবে বিল্লাল উদ্দিনকে মুঠোফোনে একাধিকবার দোকানে আসতে বললেও তিনি আসেননি। এজন্য নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির জন্য দোকানে লাঠি ও ইটপাটকেল মজুদ করার দায়ে মো. হিলাল উদ্দিনকে শাস্তি দেওয়া হয়।’
এ সময় তল্লাশি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন আর্মি ক্যাম্প বালিয়াকান্দি কমান্ডার মেজর রুবাইয়াতের নেতৃত্বে একদল সেনা সদস্য।


