দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশু এবং হামের উপসর্গ নিয়ে চার শিশু মারা গেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৩৯ শিশুর মৃত্যু হলো, আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ১৯৪ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১২৫ শিশু এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে বাকি দুই শিশুর মৃত্যু হয়েছে খুলনা ও চট্টগ্রাম বিভাগে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৭০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া ৮৪৭টি শিশুর মধ্যে ৩৫৫ জনই ঢাকা বিভাগের।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা ৮৩৬টি শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, যার মধ্যে ৪২০ জনই ঢাকা বিভাগের।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৮ হাজার ৩৩৪টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৮৪৫টি শিশু এবং তাদের মধ্যে ৪ হাজার ৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৫ হাজার ৭২৮ জন।


