বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যের সিদোকতায়া থেকে ৩০ কিলোমিটার দূরে এবং ভূমিপৃষ্ঠ থেকে ৬২ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

এর আগে ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে ৪ দশমিক ১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে হিসেবে ১৭ ঘণ্টার ব্যবধানে আরেকটি ভূমিকম্প হলো।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারে হওয়ায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা যেমন কক্সবাজারের উখিয়া, টেকনাফ, বান্দরবানের মানুষ অনেক বেশি কম্পন অনুভব করেছেন।


