অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
বৈঠকে বক্তব্য দেন উপস্থিত বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তারা অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরে এসে দল এবং দেশকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন এবং তাকে বিদেশে না নিয়ে দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানান।
বৈঠকে বক্তৃতাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু আগে উল্লেখ করেছেন, আম্মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যে অনুষ্ঠানে গিয়েছিলেন, ২১ তারিখের সেই অনুষ্ঠান থেকে ফেরার পরেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। তবে অনুষ্ঠানে যাওয়ার আগেও তিনি কিছুটা অসুস্থ ছিলেন। ডাক্তাররা তাকে না যেতে পরামর্শ দিলেও তিনি মানসিক শক্তিতে ভর করে সেখানে গিয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘আমার ছোট ভাইয়ের স্ত্রীও সেদিন তার সঙ্গে ছিলেন। তার কাছে জেনেছি, অনুষ্ঠানে যাওয়ার সময় থেকে ফিরে আসা পর্যন্ত তিনি মানসিকভাবে অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন। মনে হচ্ছিল না তিনি একজন অসুস্থ মানুষ। এই ঘটনাই প্রমাণ করে, সার্ভিসে কর্মরত হোন বা অবসরপ্রাপ্ত, ডিফেন্স কমিউনিটির সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক কতটা গভীর।
তারেক রহমান এ সময় অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সামনে বিএনপির দেশ গড়ার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রে পরিণত করতে আপনাদের সহযোগিতা আমাদের অত্যন্ত প্রয়োজন।’


