দেশের মানুষ ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে।
শুক্রবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে দরবার হলে মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
আগামী নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে তিনি অভিযোগ করেন, বিগত ১৪, ১৮ ও সর্বশেষ ২৪ সালে এ দেশের জনগণ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতেই শেষ হয়ে গেছে।
তিন কোটি ৮০ লাখের বেশি তরুণ ভোটার হওয়া সত্ত্বেও ভোট দিতে পারেনি। এখন তারা ভোট দিয়ে জনবান্ধব সরকার গঠন করতে চায় জানান তিনি।
সবাই মিলে এ দেশকে গড়ে তুলতে হবে উল্লেখ করে টুকু বলেন, মাওলানা ভাসানী মজলুমের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। সব সময়ই নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। কখনো আপোষ করেননি তিনি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর এ কে এম মহিউদ্দিন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী,টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ।


