বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন হলেও মানুষের জীবনমানের উন্নতি হয়নি বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, ‘উন্নয়ন মানে কেবল সেতু, এক্সপ্রেসওয়ে বা বিদ্যুৎকেন্দ্র নয়। প্রকৃত উন্নয়ন মানে মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার উন্নতি। কিন্তু সেদিক থেকে দেশ পিছিয়ে যাচ্ছে। দেশে উন্নতি আনতে হলে বিকেন্দ্রীকরণের বিকল্প নেই।’
বৃহস্পতিবার ঢাকার বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশ কি বিকেন্দ্রীকরণ ছাড়া উন্নয়ন করতে পারবে?’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
বদিউল আলম বলেন, ‘জাতীয় নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচন উপেক্ষিত হয়েছে। অথচ সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদে স্থানীয় সরকারের দায়িত্ব, ক্ষমতা ও দায়বদ্ধতা স্পষ্টভাবে উল্লেখ আছে। কিন্তু বাস্তবে স্থানীয় সরকার প্রশাসনের অধীনেই পরিচালিত হচ্ছে, জনগণের কাছে নয়।’
রাজনীতির অক্ষমতা নিয়ে তিনি বলেন, ‘রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা গ্রামের মানুষের সঙ্গে না থেকে ঢাকার বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন। এভাবে জনগণের সেবা হয় না। স্থানীয় সমস্যা সেখানেই সমাধান করতে হবে। সেখানে সমাধান করলে দায়বদ্ধতা নিশ্চিত করা যায়। আর উন্নয়নের জন্য জনগণের মাধ্যমেই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’
কোভিড-১৯ পরবর্তী অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘জনগণকে সংগঠিত করলে তারা নিজেরাই সমস্যার সমাধান করতে পারে। আমাদের ভলান্টিয়াররা যেভাবে গ্রামে গ্রামে সচেতনতা তৈরি করেছে, স্বেচ্ছাশ্রম দিয়েছে- এটাই বাংলাদেশের সম্ভাবনা।’
সেমিনারে আরও উপস্থিত ছিলেন- পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আহমাদ আহসান, নির্বাহী পরিচালক খুরশিদ আলম প্রমুখ।


