অপরাধের সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকালে এক বিবৃতিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এ দাবি জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। এসব অপচেষ্টা রুখতে হলে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই।
তিনি জানান, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর একটি মহল পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্যের মাধ্যমে ফায়দা লুটতে অপতৎপরতায় লিপ্ত হয়েছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে নির্মম ও পৈশাচিকভাবে হত্যা সেই ষড়যন্ত্রেরই নির্মম বহিঃপ্রকাশ।
এ সময় গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি জানান, এমনটা না হলে ওঁত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা করবে।
বিবৃতিতে মির্জা ফখরুল আজিজুর রহমান মোসাব্বির হত্যার সঙ্গে জড়িতদের শিগগির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


