বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ বুধবার মধ্যরাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে এই ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তাই দেশের চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্র বন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে নাজমুল হক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে একথা জানায় অধিদপ্তর। তারপরও বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে বুধবার বিকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পাশাপাশি গভীর সাগরে বিচরণ না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতে মঙ্গলবার রাতে আছড়ে পড়ে ‘মোন্থা’। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, এদিন সন্ধ্যা সাতটার দিকে এর প্রভাবে অন্ধ্রপ্রদেশের কাকিন্দায় প্রবল ঝড় হয়। মঙ্গলবার সকালে রূপ নেওয়া এই ঘূর্ণিঝড়ের কারণে সেখানে বৃষ্টিপাতও হয় প্রচুর। সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে রাজ্যের অনেক জায়গায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
‘মোন্থার’ কারণে ভারতের বেশ কয়েকটি জেলায় জারি করা ‘রেড অ্যালার্ট বুধবার নামিয়ে ফেলেছে ভারতের আবহাওয়া্ বিভাগ। এর পরিবর্তে সেসব জায়গায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে।


