আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য ৩৭টি প্রতিষ্ঠানের জন্য ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানির সময়সীমা ৫ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
ইলিশ মাছ রপ্তানির ক্ষেত্রে সরকার কিছু শর্ত আরোপ করেছে। শর্তাবলির মধ্যে রয়েছে:
১. রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে।
২. এই অনুমতির মেয়াদ ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
৩. শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে।
৪. পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণের চেয়ে প্রকৃত রপ্তানির পরিমাণের সকল তথ্য প্রমাণ দাখিল করতে হবে।
৫. অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করা যাবে না।
৬. প্রতিটি পণ্যচালান রপ্তানির সময় শুল্ক কর্তৃপক্ষ এএসওয়াইসিইউডিএ ওয়ার্ল্ড সিস্টেম পরীক্ষা করে নিশ্চিত করবে যে, অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি হচ্ছে না।
৭. এ অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়, এবং অনুমোদিত রপ্তানিকারক নিজে রপ্তানি না করে সাব-কন্ট্রাক্ট দিতে পারবেন না।
৮. সরকার প্রয়োজনে যেকোনো সময় এ রপ্তানি অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।
এবার দুর্গাপূজায় ভারতে যে পরিমাণ ইলিশ যাওয়ার কথা ছিল, পাঠানো হচ্ছে তার অর্ধেক। দুর্গোৎসবের সময় পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশের চাহিদা বাড়তি থাকায় ভারতের ব্যবসায়ীদের আশঙ্কা এবার তা বিক্রি হবে চড়া দামে।


