ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর তার ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শুক্রবার রাত ৯টার দিকে ফোনালাপে প্রধান উপদেষ্টা জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত।
সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘ইতোমধ্যে কয়েকজন উপদেষ্টা, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছেন।’
সেই বৈঠক থেকে হামলাকারীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘হাদির চিকিৎসার সমস্ত ব্যয় সরকার বহন করবে এবং তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে দেশে বা বিদেশে যেখানে প্রয়োজন হবে, সেখানে সর্বোচ্চমানের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’
তিনি হাদিকে সবার কাছে অতি আপন মানুষ হিসেবে উল্লেখ করে তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের প্রতি পূর্ণ সমর্থন নিশ্চিত করেন।
এদিন দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।


