সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে প্রোপাগান্ডা ও অপতথ্য প্রচার করে থাকে এমন ১৬টি ওয়েবসাইট চিহ্নিত করেছে ‘বাংলাফ্যাক্ট’। এ ছাড়া বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ায় এমন ৩০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম কার্যদিবসে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল এর লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব তথ্য জানান।
বেলা তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে এদিন লিখিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
তথ্যমন্ত্রী জানান, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবেলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ‘বাংলাফ্যাক্ট’ কার্যক্রম তৎপর রয়েছে। এ পর্যন্ত বাংলাফ্যাক্ট ৭৮৩টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও প্রকাশ করেছে, যার মধ্যে ২২৯টি বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর করা হয়েছে। এর পাশাপাশি পিআইবি ২০২৪ সালের অক্টোবর থেকে জুন পর্যন্ত ৬৪ জেলায় ১২৩টি প্রশিক্ষণ বা কর্মশালায় ৫ হাজার ৯৭৭ জন সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে।
প্রতিটি প্রশিক্ষণে গুজব মোকাবিলায় করণীয়, ফ্যাক্টচেকিং এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমানে বাংলাফ্যাক্ট প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি দাবির সত্যতা যাচাই করছে এবং গণমাধ্যমকর্মীগণের সুবিধার্থে শিগগিরই ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশিত হবে, যোগ করেন তিনি।
মন্ত্রী আরও জানান, গণমাধ্যম ব্যবহার করে ফ্যাসিবাদীরা কীভাবে বিরোধীদের দমন ও চরিত্রহনন করত, তা নিয়ে পিআইবি হতে ‘শিকারী সাংবাদিকতা’ শীর্ষক গবেষণা গ্রন্থ প্রকাশ করা হয়েছে।
দেশে টিভি ৫৯, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন পোর্টাল ৪৭৪
একই অধিবেশনে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬টি ও অনলাইন পোর্টাল ৪৭৪টি রয়েছে।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা ৪টি এবং অনাপত্তি প্রদানকৃত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ মোট ৩৯টি চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, সারা বাংলাদেশ হতে বর্তমানে প্রকাশিত ১৪৩৬টি দৈনিক পত্রিকার মধ্যে ঢাকা হতে ৫৯৩টি ও অন্যান্য জেলা হতে ৮৪৩টি পত্রিকা প্রকাশিত হচ্ছে। অন্যদিকে, নিবন্ধিত ৪৭৪টি অনলাইন নিউজ পোর্টালের মধ্যে মূল অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ১৩১টি এবং আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ৬১টি পোর্টাল রয়েছে।


