আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খাগড়াছড়ির পানছড়ি ও দীঘিনালা উপজেলায় দুর্গম ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার বিজিবির পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বিষয়টি জানান।
তিনি বলেন, ‘ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ২১ দশমিক ৮ কিলোমিটার সীমান্ত এলাকা এবং পানছড়ি ও দীঘিনালা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বিজিবি সূত্র জানায়, নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে পানছড়ি উপজেলার ২৫টি এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে গত ৩০ জানুয়ারি পানছড়িতে চারটি বেইজ ক্যাম্প স্থাপন করে ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকা নাড়াইছড়িতে একটি হেলি-সাপোর্টেড ভোটকেন্দ্রের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
মোতায়েন করা সদস্যরা যানবাহন, হাঁটা ও নদী পারাপারের মাধ্যমে নিয়মিত ডমিনেশন টহল পরিচালনা করছেন। একই সঙ্গে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় ড্রোন নজরদারি, বডি ওর্ন ক্যামেরা এবং আধুনিক রায়ট কন্ট্রোল সামগ্রী ব্যবহার করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে লোগাং বিজিবি ক্যাম্প ও গিলাতলী বিওপি এলাকায় দুটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জনসংযোগ, জনসচেতনতামূলক কার্যক্রম, ঝুঁকি বিশ্লেষণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত টহল পরিচালনা করা হচ্ছে বলে জানায় বিজিবি।
বিজিবি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে উপকূলীয় ছয়টি উপজেলা ছাড়া ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে।
বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। ভোটারদের ভোটাধিকার সুরক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।


