দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নিয়োগে সুপারিশ করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করেছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
বাছাই কমিটির অন্য সদস্যরা হলেন–হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক-আল-জলিল, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ৭ ধারার ৪ উপধারা অনুযায়ী, বাছাই কমিটি দুর্নীতি দমন কমিশনের প্রতিটি কমিশনারের শূন্য পদের বিপরীতে দুইজন করে ব্যক্তির নামের তালিকা প্রস্তুত করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন।
মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দুর্নীতি দমন কমিশনকে আরও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে দুর্নীতি দমন কমিশন আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছিল। পরবর্তীতে জাতীয় সংসদে সেই অধ্যাদেশটি বাতিল হয়ে যায়।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এ বছরের ৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ বাকি দুই কমিশনার পদত্যাগ করেন। তারপর থেকে দুর্নীতি দমন কমিশন অকার্যকর হয়ে পড়ে।
পূর্ববর্তী কমিশন পদত্যাগ করার তিন মাসেরও বেশি সময় পর এই বাছাই কমিটি গঠনের মধ্য দিয়ে নতুন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হলো। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


