অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের রায়ের দিন আগামী ২৫ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ দিন নির্ধারণ করেন। সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ মামলাটি আসামির আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য ছিল। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি হয়নি। দুদকের পক্ষে প্রসিকিউটর নুরে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। আদালত ২৫ ফেব্রুয়ারি রায়ের তারিখ ধার্য করেছেন।
এর আগে গত ২ ফেব্রুয়ারি মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। অভিযোগপত্রভুক্ত ২১ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। গত বছরের ১৭ জুলাই সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।


