দুই দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। এতে সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বেড়ে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়।
শনিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাজুসের নির্ধারিত নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায়।
এর আগে, গত বুধ এবং বৃহস্পতিবার সকালে দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। এ নিয়ে চলতি বছর ৪১ দফা বাড়িয়ে এবং ৪০ দফা কমিয়ে এখন পর্যন্ত দেশের বাজারে ৮২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে।
সোনার দামের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বেড়েছে। এতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হয়েছে ৪ হাজার ৬৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে ২৫ দফা বাড়িয়ে এবং ২৫ দফা কমিয়ে মোট ৫০ বার রূপার দাম সমন্বয় করা হয়েছে।


