সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে চরকি ফ্ল্যাশ ফিকশন ‘খুব কাছেই কেউ’। এই কনটেন্টের মাধ্যমে চরকি প্রথমবারের মতো দর্শকদের জন্য নিয়ে এলো ফ্ল্যাশ ফিকশন। এর ব্যাখ্যা দিতে গিয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ফ্ল্যাশ ফিকশন মূলত জীবনের কিছু মুহূর্তের নান্দনিক বা সিনেম্যাটিক বর্ণনা। এটাকে স্লাইস অফ লাইফও বলা যেতে পারে। এ ধরনের কনটেন্টে জীবনের ছোট ছোট ঘটনা উঠে আসবে হয়তো, কিন্তু এর প্রভাব অনেক বড় এবং গভীর।’
প্রযোজনা প্রতিষ্ঠান আলফা–আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি–এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘খুব কাছেরই কেউ’। রাবা খানের গল্প, সংলাপ ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন আরাফাত মোহসীন নিধি। এতে অভিনয় করেছেন এফ এস নাঈম, সুনেরাহ বিনতে কামাল। ১০ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (১১ সেপ্টেম্বর) থেকে কনটেন্টটি চরকিতে দেখা যাচ্ছে। ৯ সেপ্টেম্বর রাতে প্রকাশ পেয়েছে এর ট্রেইলার। এর ক্যাপশনে লেখা হয়েছে, ‘কালকে উনাদের বিয়ে! আপনারা সবাই আমন্ত্রিত’।
গল্পের ধারণা দিতে গিয়ে রাবা খান জানান, গল্পটি তরুণ–তরুণীর, যারা অ্যারেঞ্জ ম্যারেজের দিকে আগাচ্ছে। বিয়ের আগের ও বিয়ের দিনের কিছু ঘটনা দিয়ে সাজানো হয়েছে কাহিনি। একসময় তারা বুঝতে পারে কখনো কখনো সত্যিকারের সম্পর্ক খুঁজে পাওয়া যায়, তা যেভাবেই গড়ে উঠুক না কেন।
‘খুব কাছেরই কেউ’ এর মাধ্যমে পরিচালনায় ফিরেছেন সময়ের আলোচিত সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি। নিধি জানান, এটি তার দ্বিতীয় ফিকশন, ২০১২ সালে তিনি নির্মাণ করেছিলেন প্রথমটি। নিধি বলেন, ‘রোমান্টিক ঘরানার কাজ দিয়েই শুরু করলাম। ফিকশনটি দুজন অপরিচিত মানুষের পরিচিত হওয়ার গল্প। খুব আনন্দ নিয়ে ফিকশনটি সবাই মিলে উপভোগ করতে পারবেন।’
এতে সুনেরাহ বিনতে কামাল অভিনয় করেছেন জেরিন চরিত্রে। তিনি জানান, তার চরিত্রটি চঞ্চল, স্পষ্টবাদী এবং স্বাধীনচেতা। রাকিন চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। তিনি বলেন, ‘গল্পটিতে তরুণ–তরুণীর সংলাপ, তাদের বোঝাপড়া দর্শকদের ভালো লাগবে। যে মুহূর্তগুলো দেখানো হয়েছে, তা আমরা সবাই কম বেশি ফেস করি। তবে যার যার মতো করে ফেস করে। আমরা যেটা দেখাতে চেষ্টা করেছি সেটা সবাই পছন্দ করবেন আশা করি।’
রোমান্স ড্রামা ঘরানার কনটেন্টটিতে আরও অভিনয় করেছেন পায়েল, মাহেরা ইনায়া কামাল, ফাহাদ রিয়াজ খান, আলিফ খান, আশিকুজ্জামান অনিক।


