ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দীপু চন্দ্র দাশকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১২ আসামিকে তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে ৭ নম্বর ময়মনসিংহ আমলি আদালতের জ্যেষ্ঠ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এ আদেশ দেন।
আসামিরা হলেন আশিকুর রহমান (২৫), কাইয়ুম (২৫), মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬), মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯) ও মো. নাজমুল (২১)।
আদালতের পরিদর্শক শেখ মোস্তাছিনুর রহমান বলেন, ‘পুলিশ আসামিদের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। পরে বিচারক প্রত্যেককে তিন দিন করে রিমান্ডের আদেশ দেন।’
এর আগে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় দীপু চন্দ্র দাশকে পিটিয়ে হত্যা করা হয়।
পরে বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে গাছে ঝুলিয়ে তাতে আগুন ধরিয়ে দেন।
খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে অর্ধপোড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ঘটনায় শুক্রবার বিকালে নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ।
নিহত দীপু চন্দ্র দাশ তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের বাসিন্দা। তিনি ওই কারখানার কোয়ালিটি সুপারভাইজার ছিলেন।


