দেশের বাজারে আবারও সোনার দাম কমেছে। এতে সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে ২ হাজার ২৫৮ টাকা কমে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকায়।
মঙ্গলবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাজুসের নির্ধারিত নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।
এর আগে, সোমবারও ২২ ক্যারেটের ভালো মানের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
গত ৩০ এপ্রিল বাড়ানোর পর দুই দফায় সোনার দাম কমেছে।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
সোনার দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।


