বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় স্থানে ঢাকা। মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান দেখা যায় ১৬৬। যা বায়ুর মানের দিক দিয়ে ‘অস্বাস্থ্যকর’।
টানা বৃষ্টির পরও বায়ু দূষণের এই উচ্চমাত্রা আশঙ্কাজনক বলছেন গবেষকরা।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, দূষণে শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ এবং দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের করাচি।
আইকিউএয়ার বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
বাতাসের মান ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়, আর ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলা হয়।
২০১ থেকে ৩০০ এর মাত্রা ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সঙ্গে লড়াই করছে। শীতকালে শুষ্ক আবহাওয়া, কুয়াশা এবং ধুলোর কারণে পরিস্থিতি সাধারণত আরও খারাপ হয় এবং বর্ষা মৌসুমে বৃষ্টির জেরে বাতাসে ধুলোর পরিমাণ কম থাকায় কিছুটা উন্নতি ঘটে।
তবে এবার টানা বৃষ্টিতেও দূষণ কমেনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে, যা প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে হয়ে থাকে।


