সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান রোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অপারেশনাল সক্ষমতা বাড়াতে দিনাজপুরের বিরল উপজেলার মৌচোষায় একটি নতুন বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিজিবির উত্তর-পশ্চিম রংপুর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) আওতাধীন ২১তম এই বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বিওপি প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের তার বক্তব্যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির সদস্যদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন।
তিনি বলেন, দেশের অস্থিতিশীলতা সৃষ্টিকারী কোনো দুষ্কৃতকারী যাতে সীমান্ত দিয়ে অবৈধ কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকায় জ্বালানি ও ভোজ্যতেল পাচার রোধে ইতোমধ্যে বিশেষ চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে তিনি জানান।
স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সঠিক তথ্যের মাধ্যমে সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে।
দিনাজপুর ব্যাটালিয়নের আওতাধীন কিশোরীগঞ্জ ও রামচন্দ্রপুর বিওপির মধ্যবর্তী শূন্যরেখার নিকটবর্তী এই এলাকাটি মাদক, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। নবনির্মিত ‘মৌচোষা’ বিওপি স্থাপনের ফলে উত্তর-পশ্চিমাঞ্চলের এই ব্যাটালিয়নের প্রায় ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি আরও নিশ্ছিদ্র হবে এবং সীমান্ত সংলগ্ন জনপদে নিরাপত্তার আস্থার পরিবেশ সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টরের অধিনায়ক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এবং দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


