জুলাই ঘোষণাপত্র বর্জনের সিদ্ধান্ত নিয়েছে অভ্যুত্থানের সক্রিয় ছাত্র সংগঠন- ছাত্র ফেডারেশন। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে মঙ্গলবার বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সোমবার রাতে এ তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ।
তিনি বলেন, ‘বর্জনের পেছনে একাধিক কারণ থাকলেও, আমরা একটি মূল কারণকে সামনে আনতে চাই- অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও সরকার এখনও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি। তারা আহত ও শহীদ পরিবারগুলোর যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। কাজেই তাদের এই উদযাপন আয়োজনের নৈতিক অধিকার আমরা মানি না।’
জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার ছাত্র সংগঠনের সাথে কোনো ধরনের আলোচনা করেনি বলেও দাবি করেন সৈকত আরিফ। বলেন, ‘গত ১ বছরে ছাত্র সংগঠনের সাথে কোনও বৈঠকই করেনি অন্তর্বর্তী সরকার। বরং তারা বৈষম্যবিরোধীদের একটা নির্দিষ্ট গোষ্ঠীকেই অভ্যুত্থানের নেতৃত্ব আকারে চিহ্নিত করে বাকি ছাত্র সংগঠনগুলোর প্রতি অন্যায় করেছে যা একইসাথে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন করেছে। তাই আমরা আগামীকাল যাচ্ছি না।’
ছাত্র ফেডারেশন সম্পাদকের ভাষ্যে, অভ্যুত্থানে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর অন্যতম ছাত্র ফেডারেশন।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৫ টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূস। বহুল প্রতীক্ষিত এ আয়োজনে দেশের রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও অভ্যুত্থানের পক্ষগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।


