ঢাকা জেলাসহ তিন বিভাগের সংসদ সদস্যদের নিয়ে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছে বিএনপি।
সকাল সাড়ে ১০টায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দ্বিতীয় দিনে সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নেন। বিকালে সমাপনী পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের সংসদ সদস্যরা অংশ নেবেন।
শনিবার সকালের এই পর্বে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সিনিয়র নেতা ওসমান ফারুক প্রমুখ।
এর আগে শুক্রবার দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রথম দিন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টারা এবং বিকালের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্যরা অংশ নেন।
কর্মশালায় অংশ নেওয়া একজন সংসদ সদস্য বলেন, দলীয় সংসদ সদস্যদের সংসদের বিধি-বিধান, কার্যপ্রণালী বিধিসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতেই মূলত এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে সকাল ১১টায়। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জন নতুন সংসদ সদস্য।


