‘ভারতে পালানোর’ সময় চুয়াডাঙ্গার দর্শনার আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক করা হয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম মুনিরকে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
আটক এসএম মুনির গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার জহিরুল হকের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) তুহিন হাসান।
ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন, ভারতে যাওয়ার জন্য দর্শনা চেকপোস্টে পৌঁছান এসএম মুনির। এ সময় তার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করতে গিয়ে তাকে শনাক্ত করা হয়। তার নামে মামলা থাকায় তাকে ভারতে যেতে দেওয়া হয়নি।
তুহিন হাসান বলেন, ‘এস এম মুনির গোপালগঞ্জ সদর থানার ফৌজদারি মামলার আসামি। তার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল। তাই তাকে আটক করে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।’
দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, তিনি যেহেতু গোপালগঞ্জ থানায় করা মামলার আসামি, তাই বিষয়টি গোপালগঞ্জ পুলিশকে জানানো হয়ছে। তারা আসলে এস এম মুনিরকে হস্তান্তর করা হবে।


