হুলিয়ান কুইনোনস এবং রাউল জিমেনেজের দুর্দান্ত দুটি গোলে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করেছে মেক্সিকো।
বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে এই জয় পায় তারা। এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করল মেক্সিকানরা।
ম্যাচের শুরুতে মেক্সিকোকে এগিয়ে নেন কুইনোনস। খেলার নয় মিনিটে নিজেদের ডি-বক্সে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের একটি ভুলের সুযোগ নিয়ে ডান পায়ের নিচু শটে বল জালে জড়ান তিনি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মেক্সিকো।
দ্বিতীয়ার্ধের শুরুতে, খেলার ৫০ মিনিটে বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের খেলোয়াড় ইয়ায়া সিথোল। ফলে ১০ জনের দলে পরিণত হয় আফ্রিকানরা। এই সুযোগে ম্যাচের ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মেক্সিকো। ডি-বক্সের ভেতরে একদম অরক্ষিত অবস্থায় থাকা রাউল জিমেনেজ দারুণ এক হেডে দলের দ্বিতীয় গোলটি করেন।
দক্ষিণ আফ্রিকার জন্য উদ্বোধনী ম্যাচটি ছিল চরম বিপর্যয়ের। ৮৪ মিনিটে তাদের আরেক খেলোয়াড় থেম্বা জোয়ানেও লাল কার্ড দেখলে শেষ পর্যন্ত নয় জনের দলে পরিণত হয় তারা। তবে লাল কার্ডের খেলা এখানেই শেষ হয়নি। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯২ মিনিটে) মেক্সিকোর সেসার মন্তেসও লাল কার্ড দেখেন। ম্যাচে লাল কার্ড পাওয়া এই তিন খেলোয়াড়ই নিজ নিজ দলের পরের ম্যাচে অটোমেটিক নিষিদ্ধ থাকবেন।
আগামী ১৮ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে মেক্সিকো। একই দিনে দক্ষিণ আফ্রিকার খেলা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। এদিকে গ্রুপ ‘এ’-এর অন্য ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র।


