দেশের সাধারণ মানুষ থানায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেজন্য সরকার ডিজিটাল মনিটরিং ব্যবস্থাসহ নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এদিন প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।
সংসদকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থানায় সেবাপ্রার্থীদের আইনের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। বিশেষ করে হয়রানি রোধে থানাগুলোতে অনলাইন পদ্ধতিতে অভিযোগ দায়েরের সুযোগ সৃষ্টি করা হয়েছে, যা ধাপে ধাপে আরও আধুনিকায়ন করা হচ্ছে।
বর্তমানে দেশের সব থানায় অনলাইনে সাধারণ ডায়েরির আবেদন গ্রহণ করা হচ্ছে, যার ফলে মানুষ ঘরে বসেই আইনি সেবা নিতে পারছেন, যোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, থানার কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে দেশের সব থানার ডিউটি অফিসারের কক্ষ এবং থানা প্রাঙ্গণকে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করার পরিকল্পনা রয়েছে সরকারের।
এ ছাড়া অনলাইন সফটওয়্যারের মাধ্যমে কোনো আমলযোগ্য অপরাধের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে এসএমএসের মাধ্যমে থানায় আসার জন্য অনুরোধ করা হয়, যাতে দ্রুততম সময়ে নিয়মিত মামলা রুজু করা সম্ভব হয়।
এসব উদ্যোগের ফলে সাধারণ মানুষের থানা-নির্ভর হয়রানি উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।


