প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী ও ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রি পরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বলেন, সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা ও সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে প্রতিনিধিদলটি।
চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো ও ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও আইসিটিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা ও সম্প্রসারন নিয়ে আলোচনা হয়েছে। এই সময়ে সরকার জাপানের প্রতিনিধিদলকে জানিয়েছে যে, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশিদের বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেবে।
পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবা ‘ওয়ান স্টপ সার্ভিস’ এর আওতায় একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে দ্রুত ও নির্বিগ্নে বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করা যায়।
সাক্ষাতে অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি শাকিরুল ইসলাম খান ও অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদারও উপস্থিত ছিলেন।


