ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এই তথ্য জানান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয় এই নির্বাচনের ভোটগ্রহণ, একটানা চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের তথ্য ঘেঁটে দেখা গেছে, স্বাধীনতার পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনগুলোর মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছিল ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে। সেবার ৮৭ দশমিক ১৩ শতাংশ ভোট পড়েছিল।
অন্যদিকে সবথেকে কম ভোট পড়েছিল ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে; মাত্র ২১ শতাংশ।
১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট ভোট সংগৃহীত হয়েছিল ৫৩ দশমিক ৫৪ শতাংশ।
এছাড়া ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ৫১ দশমিক ২৮ শতাংশ; ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৩৮ শতাংশ; ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে ৫৪ দশমিক ৯৩ শতাংশ; ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ দশমিক ৫৪ শতাংশ; ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ২৬.৭৪ শতাংশ।
এরপর ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ৭৫ দশমিক ৬০ শতাংশ; ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ৭৪ দশমিক ৭৩ শতাংশ; ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ৮৭ দশমিক ১৩ শতাংশ; ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ৪০ দশমিক ৪ শতাংশ; ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮০ দশমিক ৪১ শতাংশ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের হার ছিল ৪২ দশমিক ০৪ শতাংশ। এছাড়া সর্বশেষ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের হার প্রায় ৬১ শতাংশ।


