তরুণ নির্মাতা ভিকি জাহেদ বানিয়েছেন ফ্ল্যাশ ফিকশন ‘অন্ধ বালক’। যে গল্পে প্রেম আছে, প্রেমের পরিণতিও আছে। কিন্তু সেই পরিণতিতে পৌঁছাতে অন্যরকম পথে হাঁটতে হয় চরিত্রদের। এখানে ভাগ্য, ভবিষ্যৎ বাণীর মতো বিশ্বাস–অবিশ্বাসের দোলাচল রয়েছে। এটি দেখা যাবে চরকিতে ১৮ সেপ্টেম্বর থেকে।
পরিচালক ভিকি বলেন, ‘ঢাকার বিভিন্ন লোকেশনে অন্ধ বালকের শুট হয়েছিলো। এখন এটা রিলিজ হতে যাচ্ছে। নাজিম–উদ–দৌলা ভাইয়ের গল্পটা বেশ ইন্টারেস্টিং। শর্টফিল্ম থেকেই আমার উত্থান। তাই স্বভাবতই চরকির ফ্ল্যাশ ফিকশন প্রজেক্টের প্রতি আগ্রহী হই। আমার বিশ্বাস দর্শক একটা ভিন্ন স্বাদের গল্প দেখতে পারবেন।’
ফিকশনটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তার চরিত্রের নাম অর্ক, আর দিনা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। ভালোবাসায় মত্ত দুই তরুণ–তরুণী। কিন্তু হঠাৎ করেই তাদের ভালোবাসায় ফাটল ধরে। দুজনের মাঝে চলে আসে এক অন্ধ বালকের প্রসঙ্গ। দিনার বিশ্বাস এই ফাটলকে আরও গভীর করে তুলতে থাকে।
দিনা চরিত্রটি নিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘এখানে আমার চরিত্রটি খুবই ভালোবাসাময়। সে অর্ককে খুব ভালোবাসে, অন্যদিকে বাবার খুব বাধ্য সন্তান। অর্ক–বাবার নানা সমীকরণের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে দিনা চরিত্রটি। দর্শকরা পছন্দ করবেন কনটেন্টি। আর ভিকি ভাইয়ের কারিশমা তো আছেই।’
তৌসিফ মাহবুব বলেন, ‘এ গল্পে দারুণ এক টুইস্ট রয়েছে। সাদিয়া আয়মান বরাবরের মতো খুবই ভালো কাজ করেছেন।’
‘অন্ধ বালক’– এ সাদিয়া আয়মানের বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আছেন শিল্পী সরকার অপু, দর্শকদের জন্য রয়েছে বিশেষ চমক। নাজিম-উদ-দৌলা’র গল্পে এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম-উদ-দৌলা এবং ভিকি জাহেদ। এর সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিদ্রোহী দীপন।
কনটেন্টটি চরকিতে মুক্তি পাবে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (১৮ সেপ্টেম্বর)। ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফা–আই এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘অন্ধ বালক’। এটি চরকির দ্বিতীয় ফ্ল্যাশ ফিকশন।


