তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কাহরামানমারাস প্রদেশে এক স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফৎচি এই তথ্য নিশ্চিত করেছেন।
গভর্নর মুকাররেম উনলুয়ের জানান, অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী তার প্রাক্তন পুলিশ কর্মকর্তা বাবার আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করে। সে ব্যাগে করে অস্ত্র লুকিয়ে এনে দুটি শ্রেণিকক্ষে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলার পর হামলাকারী শিক্ষার্থী নিজেও প্রাণ হারিয়েছে। এই ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
গত মঙ্গলবার সানলিউরফা প্রদেশের একটি উচ্চ বিদ্যালয়ে সাবেক এক শিক্ষার্থীর হামলার ঠিক একদিন পরই এই ঘটনাটি ঘটল। দুই দিনের ব্যবধানে পরপর দুটি স্কুল শ্যুটিংয়ের ঘটনায় তুরস্কে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় স্কুলে তীব্র গোলাগুলির শব্দ শোনা যায়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিচার মন্ত্রী আকিন গুরলেক এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সূত্র: আল জাজিরা।


