প্রায় তিন বছর বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে আসছে অর্থহীন। আগামী ১৭ অক্টোবর প্রকাশ পাবে ব্যান্ডটির বহুল প্রতীক্ষিত অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’। এর আগে ১০ অক্টোবর আয়োজন করা হবে বিশেষ অনুষ্ঠান ‘সিক্রেট লিসেনিং পার্টি’। উল্লেখ্য, এর প্রথম পর্ব ‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে।
অ্যালবাম প্রকাশের পাশাপাশি যুক্তরাষ্ট্র সফরের ঘোষণাও দিয়েছে অর্থহীন। অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তারা নিউইয়র্ক, পেনসিলভানিয়া, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ফ্লোরিডা, জর্জিয়া, ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়াসহ অন্তত ১২টি শহরে মঞ্চে উঠবে।
দীর্ঘদিন ক্যানসার ও স্পাইনাল কর্ড সমস্যার কারণে চিকিৎসা ও একাধিক অস্ত্রোপচারে মঞ্চে নিয়মিত হতে পারেননি ব্যান্ডের প্রধান ভোকাল ও বেজবাদক সাইদুস সালেহীন সুমন। ফলে অনেকটা ছন্দপতন ঘটে ব্যান্ডটির কনসার্ট কার্যক্রমে। তবে এবার আবারও নিয়মিত হওয়ার ইঙ্গিত দিয়েছে অর্থহীন।
ব্যান্ডের ব্যবস্থাপক এহসানুল হক বলেন, “সুমন ভাইয়ের অসুস্থতার কারণে আমরা কয়েক বছর দেশের বাইরে যেতে পারিনি। দেশে হলেও খুব বেশি আয়োজনে অংশ নিতে পারিনি। এই সফরের ব্যাপারে বহুদিন ধরেই আলোচনা হচ্ছিল। অবশেষে তিনি সম্মতি দিয়েছেন।”
বর্তমানে ব্যান্ডটির লাইনআপে সুমনের সঙ্গে রয়েছেন মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী (গিটার)। শিগগিরই ব্যান্ডটির অফিশিয়াল প্ল্যাটফর্মে কনসার্টের ভেন্যু ও তারিখ প্রকাশ করা হবে।


