দেশের প্রেক্ষাগৃহে দর্শক সাড়া পাওয়ার পর আন্তর্জাতিক বাজারে যাত্রা শুরু করতে যাচ্ছে ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘রকস্টার’। আগামী ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মোট ৪১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ছবিটি।
বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারকোর কর্ণধার সজীব সপ্তক। তিনি জানান, প্রথম সপ্তাহে কানাডার ৭টি, যুক্তরাষ্ট্রের ৩০টি এবং যুক্তরাজ্যের ৪টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রে জনপ্রিয় চেইন থিয়েটার এএমসির ১৯টি, রিগালের ৭টি, সিনেমার্কের ২টি এবং শোকেসের ২টি স্ক্রিনে ‘রকস্টার’ প্রদর্শিত হবে। এছাড়া কানাডার সিনেপ্লেক্সের ৭টি ও যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৪টি স্ক্রিনেও ছবিটি দেখা যাবে।
সংশ্লিষ্টদের ভাষ্য, হলিউডের ডমেস্টিক মার্কেটের অন্যতম প্রতিযোগিতাপূর্ণ সময়ে ৩৭টি থিয়েটারে জায়গা করে নেওয়া ‘রকস্টার’-এর জন্য ইতিবাচক দিক। প্রথম সপ্তাহে দর্শক সাড়া ভালো হলে পরবর্তী সময়ে থিয়েটারের সংখ্যা আরও বাড়তে পারে।
গত ঈদে দেশের ১০৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’। ছবিটির গল্পে উঠে এসেছে এক রকস্টারের উত্থান, বিপুল জনপ্রিয়তা, ব্যক্তিগত জীবনের সংকট এবং শেষ পর্যন্ত তার পতনের কাহিনি।
সিনেমাটিতে শাকিব খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক।


