তিউনিশিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের পরের রাউন্ডে উঠেছে নেদারল্যান্ডস। নকআউট পর্বের প্রথম ম্যাচে তাদের মোকাবিলা করতে হবে ‘সি’ গ্রুপের রানার্স-আপ মরক্কোকে।
আজ শুক্রবার ভোরে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে তিউনিশিয়াকে ৩ থেকে ১ গোলে হারায় ডাচরা। তিন খেলায় দুই জয় এবং এক ড্রয়ে ৭ পয়েন্ট পেয়েছে নেদারল্যান্ডস। অন্যদিকে তিন ম্যাচের সবকটিতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিশিয়া।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে খেলার তৃতীয় মিনিটেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তিউনিশিয়া। চার মিনিট পর নেদারল্যান্ডসের ব্যবধান দ্বিগুণ করেন ব্রায়ান ব্রোবি। প্রথমার্ধে ডাচরা আরও কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা মেলেনি। ফলে ২ থেকে ০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নেদারল্যান্ডস।
বিরতি থেকে ফেরার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তিউনিশিয়া। ৫৪ মিনিটে হাজেম মাসতুরির গোলে ব্যবধান কমায় তারা। তবে ৬২ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে নেদারল্যান্ডসের ৩ থেকে ১ গোলের জয় নিশ্চিত করেন ইয়ান পল ফন হেক।
এর আগে প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫ থেকে ১ এবং জাপানের কাছে ৪ থেকে ০ গোলে হেরেছিল তিউনিশিয়া। তিন ম্যাচে মোট ১২টি গোল হজম করে বিশ্বকাপ অভিযান শেষ করল হার্ভে রেনার্ডের দল। এ নিয়ে মোট সাতবার বিশ্বকাপে অংশ নিয়ে একবারও গ্রুপ পর্ব পার হতে পারল না আফ্রিকা মহাদেশের এই দেশটি।


