ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এই নেত্রী।
বাতিলের ঘোষণা জেনে সাংবাদিকদের তাসনিম জারা বলেন, ‘মনোনয়নপত্র আপাতত গৃহীত হয়নি। তবে আমরা আপিল করব। এর মধ্যেই সেই প্রক্রিয়া শুরু করেছি।’
মনোনয়ন বাতিলের কারণ জানিয়ে তিনি বলেন, ‘বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয়। আমরা প্রায় ২০০টি বেশি স্বাক্ষর দিয়েছি। সেখান থেকে দৈবচয়নের মাধ্যমে ১০জন ভোটারের তথ্য তারা যাচাই করে ৮ জনের সত্যতা পেয়েছে নির্বাচন কমিশন। বাকি ২ জন ভোটারের সত্যতা পেয়েছেন কিন্তু তারা ঢাকা-৯ আসনের ভোটার না।’
ব্যাখ্যা করে জারা বলেন, ‘তারা জানতেন তারা ঢাকা-৯ আসনের ভোটার, সেই অনুযায়ী স্বাক্ষর করেছেন। পরে জানা গেছে, তা না। কিন্তু সেটা নিশ্চিত হওয়ার কোনও সুযোগ ভোটারের জন্য নির্বাচন কমিশন রাখেনি।’
নির্বাচনে বিজয়ের আশা প্রকাশ করে তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতির লড়াই চলবে। এই ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে বলেও জানান তিনি।
গত ২৯ ডিসেম্বর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে প্রায় ৫ হাজার ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। তার আগে ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন তিনি। দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্বে ছিলেন তিনি।
এই আসনে এনসিপি মনোনীত প্রার্থী জাবেদ রাসিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


