সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের গাড়িচালক মো. চান মিয়া ও কেয়ারটেকার মো. মহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আরও চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। জুলাই আন্দোলনে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে গত ১৯ এপ্রিল মহিদুলকে ঠাকুরগাঁও সদরের ইসলামবাগ থেকে আর চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ এপ্রিল তাদের চার দিনের রিমান্ড দেয় আদালত।
রিমান্ড শেষে শুক্রবার তাদের আদালতে হাজির করে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিএমপি ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন তালুকদার।
প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেন।’
মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নিউ মার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় আব্দুল ওয়াদুদের শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।


