বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করছেন। এ উপলক্ষে সাতটি বিশেষ ট্রেন রিজার্ভের আবেদন জানিয়েছে দলটি।
সারা দেশ থেকে দলের নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে বৃহস্পতিবার রেল মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি চিঠি দিয়েছে দলটি।
চিঠিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় ফিরছেন। তাকে সংবর্ধনা দিতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক ছাত্র-জনতা ঢাকায় আগমন করবেন।
দলের নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে বিএনপির পক্ষ থেকে ২৪ ডিসেম্বর রাতের বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে ইচ্ছুক বলে চিঠিতে জানানো হয়। সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
চিঠিতে কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা রুটে একটি করে স্পেশাল ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভের অনুরোধও জানানো হয়েছে।


