ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগিয়েছে জুলাই ঐক্য, জুলাইযোদ্ধা সংসদ, ইসলামী ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বেলা ১টা ২০ মিনিটের দিকে তারা আগুন লাগায়। এরপর পরই আওয়ামী লীগ কার্যালয়ের বাইরে র্যাব মোতায়েন করা হয়।

আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির কারণে এদিন ভোর থেকেই গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়ো হয়। দুপুর ১২টার দিকে তারা সেখান থেকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে দুইজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ করে। নাশকতার জন্য এই দুজন সেখানে অবস্থান করছিল বলে তারা অভিযোগ করে।

এরপর শিবির-ইনকিলাব মঞ্চসহ এসব দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের উপরে উঠে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা কার্যালয় ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ ও র্যাব সদস্যরা তাদেরকে নিরস্ত করে।
এর আগে, ২০২৫ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরও ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে এটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যদিও, মাঝখানে ভবনটিতে বিভিন্ন সংগঠনের ব্যানার ঝুলতে দেখা যায়।


