ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ বিকাল ৪টায় রেকর্ড করা হবে।
বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনার। পরে নির্বাচন ভবনে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘বিকাল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। সিইসি ও অন্য কমিশনাররা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে তফসিল কখন ঘোষণা করবেন, সে সিদ্ধান্ত নেবেন। এখনও সে দিন নির্দিষ্ট হয়নি।’
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে ইসি সচিব বলেন, ‘নির্বাচন প্রস্তুতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রপতিকে আমরা হালনাগাদ তথ্য জানিয়েছি। সেই সঙ্গে ভোটার তালিকা হালনাগাদের অগ্রগতি, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন, ব্যালট পেপারের নকশা, রং এবং কীভাবে ভোটারদের হাতে এটি পৌঁছাবে-এসব প্রক্রিয়াও রাষ্ট্রপতিকে জানানো হয়েছে।’
এছাড়া, নির্বাচনের সময় এক ঘন্টা বাড়ানোর বিষয়েও রাষ্ট্রপতিকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি এসব বিষয়ে মনোযোগ দিয়ে শুনেছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে দেশের বাইরে ও দেশের ভেতরে পোস্টাল ভোটিংয়ের প্রযুক্তিগত দিকগুলো আমাদের নিজস্ব বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত হচ্ছে-এ তথ্য শুনে তিনি আরও খুশি হন। তিনি নির্বাচন কমিশনের অগ্রগতির প্রশংসা করেন এবং বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সহায়তা তিনি সর্বোচ্চ দেবেন।’


