দুয়ারে কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। চলছে পুরোদমের অনুশীলন, দলগুলোও সারছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ৬ দলের এবারের আসরে নতুন দল হিসেবে অভিষেকের অপেক্ষায় নোয়াখালী এক্সপ্রেস। সেই দলেরই গুরুত্বপূর্ণ সদস্য উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।
টেস্ট-ওয়ানডেতে অভিষেক হলেও অপেক্ষায় আছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকের। ক্রিকেটের ছোট ফরম্যাটের জার্সি গায়ে তোলার অপেক্ষায় থাকা এই ক্রিকেটার এবার বিপিএলকেই করেছেন পাখির চোখ। জানিয়েছেন, দলের হয়ে পারফর্ম করার ক্ষুধাটা তার সবসময়ই থাকে।
মঙ্গলবার পূর্বাচলের দ্য ক্রিকেটার্স একাডেমিতে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অঙ্কন বলেন, ‘আমার কাছে মনে হয় যে আমি সবসময় চেষ্টা করি কিভাবে আরো উন্নতি করতে পারি। হয়তো বা কোনো সময় পারফরম্যান্স হয়, কোনো সময় হয় না। বাট সবসময় সেই ক্ষুধাটা থাকে যাতে আমি পারফর্ম করতে পারি। বাট চেষ্টা করছি যাতে আরো উন্নতি করতে পারি।‘
সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেও কোনো ম্যাচ খেলা হয়নি অঙ্কনের। তবে কাতারে অনুষ্ঠিত সর্বশেষ এশিয়া কাপ রাইজিং স্টার্সে খেলেছেন এই ডানহাতি ব্যাটার। কিন্তু প্রত্যাশিত পারফরম্যান্স আসেনি তার ব্যাট থেকে। ৪ ইনিংসে করেছেন ৩২ রান, সর্বোচ্চ ২৭।
সেই ব্যর্থতা ভুলে এবার বিপিএলে নিজের সেরাটা দিতে চান তিনি, ‘হ্যাঁ, ইমার্জিংয়ে আমি হয়তো ভালো পারফরম্যান্সকরতে পারিনি প্রত্যাশা অনুযায়ী। কিন্তু আমি অনেক আশাবাদী আর অনেক আত্মবিশ্বাসী, ইনশাআল্লাহ যে আমি ভালো ক্রিকেট খেলতে পারব।’
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেটারদের নিজেদের ঝালিয়ে নেওয়ার সর্বশেষ সুযোগ বিপিএল। দেশের ক্রিকেটের শীর্ষ এই টুর্নামেন্টে পারফর্ম করে দলে জায়গা করে নেয়ার ব্যাপারে আশাবাদী অঙ্কন।
তিনি বলেন, ‘অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারই চায় ভালো ক্রিকেট খেলে জাতীয় দলে জায়গা করে নিতে।আমারও অবশ্যই গোল আছে যে আমি টিমের যেখানে যে পজিশনের সুযোগ পাই আমি যাতে কন্ট্রিবিউট করতে পারি। আর আমার কাছে মনে হয় যে আমি যদি ভালো ক্রিকেট খেলতে পারি, অবশ্যই ইনশাআল্লাহ ভালো সুযোগ আসবে।’


