তথ্যপ্রযুক্তি খাতে অনেক বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার: মন্ত্রী

তথ্যপ্রযুক্তি খাতে অনেক বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার: মন্ত্রী
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘সরকার তথ্যপ্রযুক্তি খাতে অনেক বেশি কর্মসংস্থানের সুযোগ করে দিতে চায়।’

শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, তথ্যপ্রযুক্তি খাতে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করবে। এর পাশাপাশি সবার ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চায় সরকার।’

তিনি বলেন, ‘বর্তমান যুগে আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর অনেক পরিকল্পনা রয়েছে। তার নির্দেশনা অনুযায়ী সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও হাইস্পিড গাড়িগুলোতে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে।’

এর আগে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে হলে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’ প্রযুক্তির অপব্যবহার রোধে নজরদারি জোরদার করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অবৈধ দখল কোনোভাবেই বরদাস্ত করা হবে না জানিয়ে ফকির মাহবুব আনাম বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠী প্রভাব খাটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি দলীয় পরিচয় থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না।’

মন্ত্রী বলেন, ‘সরকার দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব যেন প্রশাসনিক কাজে প্রভাব না ফেলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’

ফকির মাহবুব আনাম প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর প্ল্যান বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী আরও বলেন, ‘জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জনবান্ধব সরকার হতে চাই। জনগণ যেন বুঝতে পারে তারা ভোট দিয়ে ভুল করেননি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।’

মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে একটি জনবান্ধব সরকার পরিচালনায় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।’
পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টাঙ্গাইলকে আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad