ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক তরুণীর মরদেহ রেখে পালিয়েছে স্বামী পরিচয় দেওয়া এক ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
নিহতের গলায় কালো দাগ রয়েছে। আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
হাসপাতালের জরুরি বিভাগের বেসরকারি ট্রলিম্যান মো. হাসান জানান, এদিন সন্ধ্যা ৬টার দিকে সিএনজি অটোরিকশায় করে এক ব্যক্তি ওই তরুণীকে জরুরি বিভাগে নিয়ে আসে। পরে গাড়ি থেকে নামিয়ে তাকে ট্রলিতে ওঠানো হয়।
তিনি বলেন, রোগীকে ভেতরে নিয়ে যেতে চাইলে নিজেকে স্বামী পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলেন, ‘আমার একজন লোক আসছে, সে আসার পর রোগী ভেতরে নিচ্ছি।’
এরপর প্রায় দুই ঘণ্টা হাসপাতালের বাইরে ট্রলিতে রেখেই অপেক্ষা করতে থাকে তিনি।
রাত সোয়া ৮টার দিকে কৌশলে জরুরি বিভাগের বাইরে ট্রলিতে ওই তরুণীকে রেখে পালিয়ে যায় ব্যক্তি।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, যিনি তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, তিনি কৌশলে মরদেহ রেখে পালিয়ে গেছেন।
তিনি আরও জানান, তরুণীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


