ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের (খ-ইউনিট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার এই ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ১৩ ডিসেম্বর এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসেবে এক মাসেরও বেশি সময় পর ফলাফল প্রকাশ করা হলো।
এ বছর ২ হাজার ৯৩৪টি আসনের বিপরিতে আবেদন করেছিলেন ১ লাখ ৭ হাজার ৭১২ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী।
সে হিসাবে এ ইউনিটে পাসের হার ৭ দশমিক ২৯ শতাংশ এবং অনুত্তীর্ণ হয়েছেন ৯২ দশমিক ৭১ শতাংশ ভর্তিচ্ছু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মানবিক শাখা থেকে ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখা থেকে ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪৬৩ জন রয়েছেন। এছাড়া অনিয়মের অভিযোগে ৫ জন পরীক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে।
ভর্তি পরীক্ষায় মানবিক শাখা থেকে মো. শাহরিয়ার শিমুল, বিজ্ঞান শাখা থেকে রিফাত আল রাফি এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে মো. আবির আহমেদ রোহান প্রথম স্থান অর্জন করেছেন।
ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) এ পাওয়া যাচ্ছে। এছাড়া গ্রামীণফোন, বাংলালিংক ও টেলিটক নম্বর থেকে DU ALS <রোল নম্বর> লিখে ১৬৩২১ নম্বরে পাঠিয়েও এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।
উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকাল ৩টা পর্যন্ত বিষয় পছন্দক্রমসহ বিস্তারিত ফরম পূরণ করতে পারবেন। বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
এছাড়া ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ২১ থেকে ২৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।


