সংস্কার কাজের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুতে শুক্রবার রাত থেকে টানা ১০ ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এ সময় যাত্রী ও পরিবহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
বৃহস্পতিবার সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান, শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সেতুটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময় ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের কাজ সম্পন্ন করা হবে।
তিনি বলেন, ১৯৯০ সালে নির্মিত মৌলভীবাজার অংশের শেরপুর সেতুটি ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতাধীন। দীর্ঘদিন ব্যবহারের ফলে সেতুর ডেকস্লাব ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি ভিত্তিতে এ সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে।
সওজ জানায়, সংস্কার কাজ চলাকালে এবং এর আগে-পরে সম্ভাব্য যানজট এড়াতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে মিরপুর হয়ে শ্রীমঙ্গল-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেটে যাতায়াত করা যাবে।
এ ছাড়া ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের যানবাহন সৈয়দপুর (নবীগঞ্জ) থেকে রানীগঞ্জ-জগন্নাথপুর হয়ে সুনামগঞ্জে চলাচল করতে পারবে।
নির্বাহী প্রকৌশলী আরও জানান, সংস্কার কাজ শেষে সেতুতে যান চলাচল স্বাভাবিক করা হলেও শুরুতে কিছু সময় এক লেনে যান চলাচল সীমিত থাকতে পারে। বিষয়টি ইতোমধ্যে প্রচার করা হয়েছে এবং পরিবহন মালিক সমিতিগুলো বিকল্প পথে চলাচলের প্রস্তুতি নিয়েছে।


